পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মফিজুল হক মৃধা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৮ অক্টোবর সংঘর্ষের পর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত ৮ অক্টোবর রাতে পালপাড়া বাজারের ইজারা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলাও হয়। ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ছয়জন আহত হন। পরে পুলিশ ও আহত মফিজুল হক পৃথক দুটি মামলা দায়ের করেন। পুলিশ ওই ঘটনায় রমজান আলী, আমিনুল হক চৌধুরী ও পলাশ হাওলাদার নামে তিনজনকে গ্রেপ্তার করে।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, মফিজুল ভাই আমাদের দলের নিবেদিতপ্রাণ একজন কর্মী ছিলেন। শান্ত স্বভাবের এই মানুষটিকে যারা হত্যা করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আহত হওয়ার পর থেকে তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমি দলের পক্ষ থেকে আহ্বান জানাব বিএনপির এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, মফিজুল হকের মৃত্যুর ঘটনায় পূর্বের মামলাটি হত্যা মামলা (ধারা ৩০২) হিসেবে রূপান্তর করা হবে। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।









