পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের ৪ নং ওয়ার্ডস্থ সবুজবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী ও বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও এসআই সম্বিত রায়ের নেতৃত্বে বাউফল থানা পুলিশ পটুয়াখালী জেলা পুলিশের সহায়তায় ২৭ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পটুয়াখালী পৌরসভার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অ্যাড. শাহাবুদ্দিনের বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালী সদর থানা হেফাজতে রয়েছেন।
বাউফল থানাধীন বগা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো.জয়নাল আবেদিন জানান, ২০২৫ সালে সন্ত্রাস ও রাস্ট্রবিরোধী আইনে অ্যাড. শাহাবদ্দিনের বিরুদ্ধে মামলা রুজু ছিল। মামলা নম্বর ৪২, তারিখঃ ২৫.০৬.২০২৫ ইং।
গ্রেফতারকৃতকে ২৮ নভেম্বর বিকেলে পটুয়াখালী কোর্টে হাজির করা হলে বিজ্ঞ আদালত সন্ধ্যায় তাকে জেলা কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।










