‘সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’—এই স্লোগানকে সামনে রেখে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের দ্বিতীয় ও তৃতীয় দিনে লোকসংগীত ও পথনাটক প্রদর্শন এবং লিফলেট বিতরণ করেছে সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না বাজারসংলগ্ন কালিচান্না গ্রামে এবং শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বদরপুর ইউনিয়নের বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে লোকসংগীত ও ‘বিশ্বাসঘাতক’ শিরোনামের পথনাটক প্রদর্শন করা হয়।
এ ছাড়া আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে বুথ স্থাপন করা হয়। সেখানে আইনজীবীর মাধ্যমে বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ‘মুখ খুলি, আওয়াজ তুলি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি, সুস্থ ও নিরাপদ জীবন গড়ি’—এই বার্তাসংবলিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো সম্পর্কে নিজে জানা এবং অন্যদের সচেতন করার আহ্বান জানানো হয়।
বাল্যবিবাহ, যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং দলিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর শক্তিশালী করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) ও উই ক্যানের যৌথ উদ্যোগে এবং দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্ন্যান্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক)’ প্রকল্পের আওতায় ১৬ দিনব্যাপী সক্রিয়তা কর্মসূচির অংশ হিসেবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার কাজী মো. শাহআলম, উপজেলা নাগরিক ফোরামের ইয়ুথ সদস্য মো. কাওসার আহমেদ, ইউনিয়ন নাগরিক ফোরামের সহসভাপতি মাকসুদা বেগম, সদস্য নিলুফা আক্তার, নিপা ইসলাম ও মো. বশির প্রমুখ।
তৃতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল, ইউপি সদস্য মো. কামরুল হাসান লাল মিয়া, উপজেলা নাগরিক ফোরামের ইয়ুথ সদস্য মো. কাওসার আহমেদ, ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি আ. করিম খান এবং সদস্য অঞ্জনা রানী, বিমল চন্দ্র ও নাজমা বেগমসহ আরও অনেকে।










