পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকেব গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—চিকনিকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাঝগ্রামের বাসিন্দা মো. নাসির হাওলাদারের ছেলে মো. হেলাল হোসেন (২৮), একই ইউনিয়নের পূর্ব মাঝগ্রামের বাসিন্দা মো. নজির হাওলাদারের ছেলে মো. শওকত হোসেন (২৮) এবং একই এলাকার নির্মল নাথের ছেলে নিখিল নাথ (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এসআই (নিঃ) সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী ৫ নম্বর ওয়ার্ড এলাকার জহিরুল ইসলামের চায়ের দোকানের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০ গ্রাম গাঁজাসহ ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বুধবার (২৫ নভেম্বর) গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নম্বর-৪৩) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










