পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড় চত্রা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নির্দেশে নেওয়া অতিরিক্ত অর্থ অভিভাবকদের কাছে ফেরত দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের ডেকে অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেয়। এ সময় মাদ্রাসার সুপার মাওলানা মো. ওলিউল ইসলাম অভিভাবকদের হাতে টাকা ফিরিয়ে দেন।
জানা যায়, দাখিল পরীক্ষার ফরম পূরণ ও সংশ্লিষ্ট ফি আদায়ের ক্ষেত্রে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অতিরিক্ত নেওয়া অর্থ অভিভাবকদের ফেরত দেওয়ার নির্দেশ দেন।










