পটুয়াখালীতে পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে পরিচালিত উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১-এর সমাপনী ও ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রমে আরও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের হাতে প্রশিক্ষণ সনদ, কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার ও ব্যাংক শেয়ার সার্টিফিকেট তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুধু ইউনিফর্ম পরিধান করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। দুর্যোগ ও যেকোনো সংকটময় পরিস্থিতিতে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। দেশের সার্বিক নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও জনকল্যাণে আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের মধ্যে দেশসেবা, ত্যাগ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চেতনা জাগ্রত করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করে প্রতিরক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে সদস্যরা দেশ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল আঞ্চলিক উপপরিচালকসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে দেশসেবার নতুন উদ্দীপনা ও দায়িত্ব পালনের প্রত্যয় সৃষ্টি হয়।








