সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণাসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে আব্দুল জলিল (২২) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে কুয়াকাটার হোটেল মারওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক অভিযানে নেতৃত্ব দেন। দণ্ডিত আব্দুল জলিল কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ইনছার আলী।
মো. ইয়াসীন সাদেক জানান, দণ্ডিত ব্যক্তি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন তরুণীকে কুয়াকাটায় নিয়ে আসতেন। বৃহস্পতিবারও তাঁর সঙ্গে থাকা ১৬ বছর বয়সী এক তরুণীকে পুলিশের সহায়তায় উদ্ধার করে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় আব্দুল জলিলের স্ত্রীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে মহিপুর থানা পুলিশ সহায়তা করে। প্রশাসন জানিয়েছে, দণ্ডিত ব্যক্তি এর আগেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।








