দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু এবং কুয়াকাটা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়েছে। গত ৭ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে বলা হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুর নিজ বাড়িতে চুরির অভিযোগে এক নিকটাত্মীয় শিশু ও তার মাকে মারধরের ঘটনা ঘটে। অমানবিকভাবে মারধরের ওই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
একইভাবে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার এক ব্যক্তির বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা ও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দলীয় পদ ব্যবহার করে সালিশে নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। নোটিশে একপর্যায়ে অনুপস্থিত থাকলেও একতরফা নিষ্পত্তি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
উভয় নেতার এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্নের কারণ উল্লেখ করে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে ইতিপূর্বে হাফিজুর রহমান চুন্নু ও মতিউর রহমান হাওলাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁদের কাছে জবাব চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবরের চিঠিতে তাঁদের দলীয় পদ স্থগিত করা হয়।
বিষয়টি নিয়ে বর্তমানে কলাপাড়া উপজেলার সর্বত্র আলোচনা চলছে।









