পিরোজপুরের কাউখালীতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ‘আব্দুল হাদী রতন স্মৃতি ক্রিকেট একাডেমি’ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে নানা ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রগতি স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে এসএসসি ব্যাচ-২০২২ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজুর।
পুরস্কার বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দেন।
আব্দুল হাদী রতন স্মৃতি একাডেমির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন। ফাইনাল খেলাটি যৌথভাবে পরিচালনা করেন কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক ও দীপক দাস।
এর আগে কাউখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন সেট, দাবা ও হ্যান্ডবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, “তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে এবং শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ একটি সময়োপযোগী পদক্ষেপ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।








