পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, অধ্যক্ষ হোসাইন আহমেদ, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা মোঃ নাসরুল্লাহ, প্রধান শিক্ষক রুস্তম আলী, কিরণ চন্দ্র হালদার, পবিত্র কুমার মিস্ত্রি, মোহাম্মদ মান্না মিয়া, বিজন হালদার, মোঃ হারুন-অর-রশিদ, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিক ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার ও সাবেক সভাপতি এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার
বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো সামাজিক সচেতনতা তৈরির সবচেয়ে বড় মূলকেন্দ্র। আমাদের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ক্লাসে পাঠদানের পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় রাখার আহ্বান জানাচ্ছি।
পাশাপাশি, বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমা পানি অপসারণ নিশ্চিত করতে হবে। ডেঙ্গু মুক্ত ও মাদকমুক্ত কাউখালী গড়তে প্রশাসন, শিক্ষক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।









