পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় উপজেলা সরকারি হাসপাতালে শয্যা ও স্থান সংকট দেখা দিয়েছে। নির্ধারিত শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে অনেক ডেঙ্গু রোগীকে হাসপাতালের মেঝে ও করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে। এতে সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সরেজমিনে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডের শয্যা পূর্ণ হয়ে গেছে। ফলে করিডোর এবং সাধারণ রোগীদের কাছাকাছি মেঝেতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের মশারির ভেতরে রাখা হলেও একই স্থানে সাধারণ রোগীদের অবস্থানের কারণে মশাবাহিত এ রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন রোগী ও তাদের স্বজনরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলা স্বাস্থ্য বিভাগের ১৭ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ১৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে রোগীদের দেখতে আসা স্বজনরা বলেন, অতিরিক্ত রোগীর চাপে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য অবিলম্বে পৃথক ভবন বা আলাদা কক্ষের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি অবহেলিত এই উপজেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্মাণাধীন ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালের কাজ দ্রুত বাস্তবায়ন করা দরকার।
অবশ্য স্বাস্থ্য বিভাগের দাবি, প্রতিদিন নতুন রোগী ভর্তি হলেও জেলার অন্যান্য অঞ্চলের তুলনায় কাউখালীতে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ওষুধ, প্রয়োজনীয় স্যালাইন এবং বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার অ্যান্টিজেন কিট সরবরাহ রয়েছে। এ অঞ্চলে প্রচুর সুপারি ও নারিকেল গাছ থাকায় গাছের গোড়া বা পাতায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করা হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগ সম্পর্কে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ রেহানা আক্তার জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জলাশয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি মশার বংশবৃদ্ধি রোধে বিভিন্ন স্থানে নিয়মিত মশক নিধন ওষুধ ছিটানো এবং অভিযান অব্যাহত রয়েছে।








