পিরোজপুরের কাউখালী উপজেলার সদর দক্ষিণ বাজারে সাপ্তাহিক হাটের দিন ফুটপাত ও মূল সড়ক দখল করে ব্যবসা পরিচালনার প্রবণতা বেড়েছে। প্রতি শুক্রবার ও সোমবার হাটের দিন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন কেনাকাটা করতে আসা হাজারো মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।
সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার কাউখালী বাজারে সাপ্তাহিক হাট বসে। এ হাটে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী পিরোজপুর সদর, নাজিরপুর,রাজাপুর, স্বরূপকাঠি ও ভাণ্ডারিয়া উপজেলা থেকে শত শত মানুষ কেনাকাটা করতে আসেন। ফলে হাটের দিন বাজারে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে।
সরেজমিনে দেখা যায়, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য ড্রেনের ওপর নির্মিত ফুটপাত দখল করে বসানো হয়েছে বিভিন্ন দোকান। চিরাপাড়া ব্রিজের ঢাল থেকে দক্ষিণ বাজার হয়ে উত্তর বাজার পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাতের বড় একটি অংশ ব্যবসায়ীদের দখলে। কেউ ফুটপাতে দোকান বসিয়েছেন, আবার কেউ পসরা সাজিয়ে রেখেছেন। ফলে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
এমনিতেই কাউখালী বাজারের সড়কগুলো তুলনামূলক সরু। অনেক স্থানে দুটি রিকশা পাশাপাশি অতিক্রম করাও কঠিন। এর মধ্যে ফুটপাত দখল, মূল সড়কে চাকাযুক্ত ভ্যানগাড়িতে পণ্য বিক্রি এবং ইজিবাইক ও অটোরিকশার অতিরিক্ত চলাচলে যানজট আরও তীব্র হচ্ছে। এতে পথচারী ও যানবাহন চালকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলার বিভিন্ন সভায় আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ফুটপাত সব সময় হকার ও অবৈধ দখলমুক্ত রাখার কথা ছিল। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও সতর্কবার্তা দেওয়ার পর কিছুদিন ফুটপাত দখলমুক্ত থাকলেও সম্প্রতি দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত আবারও অধিকাংশ ফুটপাত ও সড়কের অংশ দখল হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসন অভিযান পরিচালনা করলে ফুটপাত কিছু সময়ের জন্য দখলমুক্ত থাকে। কিন্তু অভিযান শেষ হলে আবারও আগের অবস্থায় ফিরে যায়। ভ্যানগাড়ির দোকান ও অটোরিকশার বেপরোয়া চলাচলে বাজারে যানজট লেগেই থাকে। বিশেষ করে নারী ও প্রবীণদের চলাচলে নানা সমস্যা হচ্ছে। বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ফুটপাত ও মূল সড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, বাজারের পরিবেশ স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার জানান, সাধারণ মানুষের চলাচলের পথ ফুটপাত। এটি দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। বাজারের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন অবৈধ দখল, ফুটপাতের ওপর দোকানপাট ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত রয়েছে।









