পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেশবপুর ইউনিয়নের বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেশবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিমউদদীন জামসেদ মাতুব্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার। বিএনপি নেতা মো. মিজানুর রহমান মিন্টুর সঞ্চালনায় সভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কেশবপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. তসলিম তালুকদার, কেশবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিমউদদীন জামসেদ মাতুব্বর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শরীফ মো. মনিরুল ইসলাম (এমএ, বিএড), বিএনপি নেতা মাওলানা মোহাম্মদ আবদুল ওহাব, বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম জুরান, কেশবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, বিএনপি নেতা মো. মিজানুর রহমান সিকদার, যুবদল নেতা মো. আনিসুর রহমান তুলন এবং ছাত্রনেতা মো. আবু জাফর মিঠু।
সভায় বক্তারা বলেন, কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের মতামত ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ইউনিয়নের মানুষের কাছে গ্রহণযোগ্য, সৎ, যোগ্য ও মানবিক গুণাবলিসম্পন্ন একজন নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাছাই করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। যাতে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলবাজদের চেয়ারম্যান পদে মনোনয়ন না দেওয়ার জন্য উপজেলা নেতৃবৃন্দকে আহবান জানান হয়।
বক্তারা আরও বলেন, দলের সাংগঠনিক শক্তি ও ভাবমূর্তি রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলবাজি, চাঁদাবাজি কিংবা সাধারণ মানুষের হয়রানিতে জড়িত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন, দলের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাসী কার্যকলাপ, দখলবাজি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দল থেকে বহিষ্কারের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।
সভায় বিগত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও আলোচনা হয়। ওই নির্বাচনে যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও বেইমানি করেছে বলে নেতাকর্মীদের অভিযোগ, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা, ঐক্য ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের সাংগঠনিক সিদ্ধান্ত, শৃঙ্খলা এবং সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথাও উঠে আসে। কেশবপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভা শেষে কেশবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।









