পটুয়াখালীর দশমিনা উপজেলায় নুর ইসলাম ওরফে গৌরা (৪০) নামের এক মাদক কারবারিকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর ইসলাম ওই গ্রামের আলতাফ গাজীর ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নুর ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা চলমান রয়েছে। তিনি উপজেলার একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) নাজমুল হক, সামছুউদ্দিন, মাহমুদলসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় নুর ইসলামকে তার বসতঘর থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নুর ইসলাম উপজেলার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ বসতঘর থেকে তাকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।









