আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের টাঙ্গাইলের পথসভার স্থান পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈ বাইপাস এলাকায় তারা সভাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা পথসভা সফল করার লক্ষ্যে সার্বিক দিকনির্দেশনা দেন। পথসভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এ পথসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলার ১১ দলীয় ঐক্যজোট। পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মোবারক হোসাইন বলেন, ঢাকা-চট্টগ্রাম লংমার্চে ব্যাপক সাড়া পাওয়া গেছে। যার ফলে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুর অভিমুখী লংমার্চ শুরু করব। আমাদের লংমার্চ জাতির জন্য। সরকার বাধ্য হবে আমাদের দাবিগুলো মেনে নিতে।
জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ বলেন, লংমার্চের টাঙ্গাইলের এই পথসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। ইতোমধ্যে সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করেছি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আমাদের লোকজন থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, এনসিপির জেলা সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা কামরুল হাসান, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি আব্দুল আলিম প্রমুখ।
সভাস্থল পরিদর্শন শেষে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।








