পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে ছয় বছর বয়সী শিশু শিক্ষার্থী মাহিনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজীপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন কুয়াকাটা মুসুল্লিয়াবাদ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে এবং দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের শিক্ষার্থী। তবে এ ঘটনায় বিআরটিসি পরিবহনের ঘাতক বাসটির চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নানা-নানির সঙ্গে বরিশাল যেতে সড়কে দাঁড়িয়ে বাস থামাচ্ছিলেন নানা অহিদ শিকদার। কুয়াকাটা থেকে আসা বাসটি থামাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে শিশু মাহিনের শরীরে সজোরে ধাক্কা দেয়। মাহিন সড়কে ছিটকে পড়ে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। দু’দিন আগে হাজীপুরে নানা অহিদ শিকাদারের বাড়িতে বেড়াতে আসে মাহিন। ওই সময় বরিশাল যাচ্ছিল।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বিআরটিসি বাসের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#









