‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) স্টল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মো. জামাল হোসেন ও সংশ্লিষ্ট ডিনবৃন্দ।
রাজধানীর নভোথিয়েটারে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এ মেলার আয়োজন করা হয়। এতে কৃষিপণ্য, প্রাণীস্বাস্থ্য, প্রাণীজ উৎপাদন, মৎস্যসম্পদ ও কৃষি প্রযুক্তিসংক্রান্ত বিভিন্ন উদ্ভাবন, বৈজ্ঞানিক পোস্টার ও প্রোটোটাইপ প্রদর্শিত হয়। এসব উদ্ভাবন আগত দর্শনার্থীদের নজর কাড়ে।
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন।
মেলায় পবিপ্রবির শিক্ষক-গবেষকদের নির্বাচিত পাঁচটি উদ্ভাবনী গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ফ্যাকাল্টি অব ফিশারিজের প্রফেসর ড. মো. সাজেদুল হকের নেতৃত্বে সামুদ্রিক মাছ দ্রুত, অল-ওয়েদার ও রাসায়নিকমুক্ত উপায়ে শুকানোর আইওটি-ভিত্তিক প্রযুক্তি Smart Fish Dryer; উপকূলীয় অঞ্চলের মা ও শিশুদের পুষ্টির চাহিদা পূরণে তৈরি Nutri-Fish Powder (Idea & Process Map); ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) থেকে ইমামুল কবির আনান ও আরিফুল ইসলাম মাসুমের স্মার্ট রেন্ট ও হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট অ্যাপ e-Nibash; রিফাত আল সাদ কায়সার ও মো. নুমান শেখের সোলার ও গ্রিড বিদ্যুৎ বণ্টন ব্যবস্থাপনার এআই প্ল্যাটফর্ম GridMind AI; এবং প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম ও মো. আফ্রিদি আলম প্রান্তুর কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি সেন্সরনির্ভর ফসল সুরক্ষা ও রোগ শনাক্তকরণ অ্যাপ AgDMM।
এগুলোর মধ্যে e-Nibash অ্যাপটি বেশ কয়েকটি কোম্পানির প্রতিনিধিদের পছন্দ হয়েছে। তারা অ্যাপটির বিষয়ে যোগাযোগ করে অর্ডার করবেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।









