গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আহ্বানের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও ইউনিয়নে ১২ সেপ্টেম্বর ২০২৬, রোজ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ এবং দেশব্যাপী পরিবেশ সুরক্ষায় ছাত্র-শিক্ষক, স্কাউট, গার্লস গাইড, পরিবেশকর্মী, সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন আবাসিক পাড়া-মহল্লা ও বাড়ির আঙিনাসহ ময়লা-আবর্জনা ও প্লাস্টিক পণ্য যত্রতত্র না ফেলে ডেঙ্গু জ্বরের প্রধান বাহক এডিস মশা নিধনে কার্যকর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান। ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসব্যাপী কর্মসূচির আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্কুল-কলেজের শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সচেতন মহলের অংশগ্রহণে ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধে ব্যানারসহ র্যালি বের করা হয়। র্যালি শেষে স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী, শিক্ষার্থী ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে শহরের বিভিন্ন এলাকা এবং উপজেলা কমপ্লেক্স মাঠের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
উক্ত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সোবাহান মিয়া এবং প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। এছাড়া সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে একদিন সম্মিলিতভাবে বাড়ির আঙিনা থেকে শহরের পাড়া-মহল্লা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে এ অভিযান অব্যাহত থাকবে।









