পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, “ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্নতা কেবল কোনো একদিনের কর্মসূচি নয়, এটি আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং বাসাবাড়ির আশপাশে পানি জমতে না দিই, তবে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটাই সহজ হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে দেশকে ডেঙ্গুমুক্ত করতে।”
কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মাসুম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ও সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল কর্মসূচির উদ্বোধনের পর উপস্থিত কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা একযোগে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।









