ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোবারক আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারগিস আক্তার নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, ১২ সেপ্টেম্বর কামারপুর থেকে একটি সুজুকি মোটরসাইকেল দ্রুতগতিতে আসছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত নারগিস আক্তারকে ধাক্কা দেন। এতে নারগিস আক্তারের হাত-পায়ের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও একাধিক স্থানে হাড় ভেঙে যায়। একই ঘটনায় মোটরসাইকেলচালক মোবারক আলীও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন—হরিপুর উপজেলার কামারপুকুর নন্দগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে মোবারক আলী (২২) এবং রাণীশংকৈল উপজেলার হাড়িয়া গ্রামের রাব্বুলের স্ত্রী নারগিস আক্তার।
চিকিৎসার জন্য নেওয়ার পথে মোবারক আলী মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









