চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
শূন্য পাসের তালিকায় রয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর মহিলা কলেজের ৭ জন ও কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজের ৯ জন পরীক্ষার্থী।
এ ছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী স্কুল অ্যান্ড কলেজের ১২ জন, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজের একজন এবং রত্নাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষার্থী অংশ নিয়েও পাস করতে পারেনি।
অন্যদিকে, পীরগঞ্জ উপজেলার একটিয়াপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ২ জন, রাণীশংকৈল উপজেলার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজের ২ জন, গোগড় কলেজের ২ জন এবং রাউতনগর স্কুল অ্যান্ড কলেজের ২ জন পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছে।
সব মিলিয়ে জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
এবার ঠাকুরগাঁও জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ০৩ শতাংশ। মোট ৯ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৪৩৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৭৮ জন।
জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার বলেন, প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত নয়, কাগজে-কলমে টিকে রয়েছে। ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) লিখিত প্রতিবেদন পাঠানো হবে।
জেলা প্রশাসক রফিকুল হক বলেন, প্রতিষ্ঠানগুলো নন-এমপিওভুক্ত। তবে কী কারণে ফলাফলে বিপর্যয় ঘটেছে, তা পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।








