বঙ্গোপসাগরসংলগ্ন বাগেরহাটের পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়িয়া এলাকায় শুক্রবার ভোরে একটি ফিশিং ট্রলার থেকে হরিণ শিকারের ৪ বস্তা মালামাল জব্দ করেছেন বনরক্ষীরা। এ সময় বনরক্ষীদের দেখতে পেয়ে ট্রলারে থাকা শিকারিরা নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে সুন্দরবনে উঠে গভীর অরণ্যে পালিয়ে যায়।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, সুন্দরবনের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নিয়মিত টহলের সময় বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় একটি ফিশিং ট্রলার দেখতে পান। পরে সেটিকে থামার নির্দেশ দেওয়া হলে বনরক্ষীদের দেখে ট্রলারে থাকা ৭ জন হরিণ শিকারি নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে সুন্দরবনে উঠে গভীর অরণ্যে পালিয়ে যায়।
এ সময় ফিশিং ট্রলারটি সাগরের ঢেউয়ের তোড়ে ডুবতে থাকে। বনরক্ষীরা দ্রুত আধা ডুবন্ত অবস্থায় ট্রলারটি টেনে শেলারচরে নিয়ে যান। এ সময় আধা ডুবন্ত ট্রলারটি থেকে ককশিট ভর্তি কয়েকটি বস্তাসহ শিকারিদের অন্যান্য সরঞ্জাম সাগরে ভেসে যায়। পরে ফিশিং ট্রলারটি তল্লাশি করে হরিণ শিকারের ৪ বস্তা মালামাল জব্দ করা হয়।








