পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে গাঁজা সেবনের বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়।
কাউখালী থানা সূত্রে জানা যায়, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের নির্দেশে এসআই বিপ্লব বিশ্বাস ও এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পূর্ব আমরাজুরী গ্রামের মৃত বাবুল খন্দকারের ছেলে মো. সাগর হোসেন (২৬)-কে তার নিজ ঘরের শয়নকক্ষ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কক্ষ থেকে গাঁজা সেবনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাগর হোসেনের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে পিরোজপুরের সংশ্লিষ্ট বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। উপজেলার কোথাও কোনো মাদক ব্যবসা বা সেবনের সুযোগ দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি।”









