পটুয়াখালীর কলাপাড়ায় পশ্চিম বাদুরতলী গ্রামের বাসিন্দা ও মাদক হোলসেলার আমির হোসেনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে কলাপাড়া থানা পুলিশ। এ সময় এক কেজি গাঁজা ও ২০২ পিস ইয়াবাসহ দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমির হোসেনের স্ত্রী রুনা বেগম (৫৫), মেয়ে মিম আক্তার (২৫), ছেলে রায়হান (২২) ও মাদক ক্রেতা রাজিব আকন (৩০)। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই কামরুজ্জামান বলেন, ‘মাদকের বড় একটি চালান আসার খবর পেয়ে ওসি স্যারের নেতৃত্বে অভিযান চালাই। তবে এর আগেই অন্য হোলসেলার আমিরের শ্যালক বশির চালানের একটি বড় অংশ নিয়ে গেছে। আমিরের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধরনের ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
পুলিশ জানায়, পলাতক আমির হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।








