নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী অভয়ারণ্যের খালে অবৈধভাবে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার জালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে। আটক জেলেদের বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হলেন—বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার হোসেন (৩০) ও আইয়ুব আলী (২৮)।
বন বিভাগ জানায়, বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরীর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালান। এ সময় আহরণ নিষিদ্ধ অভয়ারণ্যের ছাপড়াখালী খালে আইন অমান্য করে মাছ ধরার অপরাধে ওই দুই জেলেকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মাছ ধরার জালসহ দুটি নৌকা জব্দ করা হয়।









