পিরোজপুরের কাউখালীতে গাছের ডাল ও পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইজুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাইজুল হক ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাইজুল হক নিজের পালিত ছাগলের খাবারের জন্য বাড়ির পেছনের একটি কাঁঠালগাছে উঠে পাতা ও ডাল কাটছিলেন। এ সময় গাছের ডাল কাটতে গিয়ে গাছের পাশ দিয়ে থাকা কাউখালী-ভান্ডারিয়া ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে আসেন তিনি। এতে মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে কাউখালী পল্লী বিদ্যুৎ সমিতি ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি গাছ থেকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









