পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলা রুজু হয়েছে। একই সঙ্গে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠি এবং বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২৫ আগস্ট তারিখের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহানের বিরুদ্ধে কাম্য যোগ্যতা না থাকা সত্ত্বেও সহকারী শিক্ষক (ইংরেজি) পদে নিয়োগ লাভ, বকেয়া ভাতাদি উত্তোলনের পর বাসাভাড়ার টাকা কর্তন না করা এবং চতুর্থ শ্রেণির এক কর্মচারীর ছেলের নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে।
এ অবস্থায় প্রশাসনিক কারণে প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহানকে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
বিভাগীয় মামলা ও বদলির নির্দেশের সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহান বলেন, “তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।”








