পিরোজপুরের কাউখালী থানা-পুলিশের পৃথক অভিযানে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামিসহ জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি এবং ৮০ গ্রাম গাঁজাসহ নিয়মিত মামলার এজাহারনামীয় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কাউখালী থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই (নিঃ) দীপক বালার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে জিআর মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি রাহাত হোসেনকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে এএসআই (নিঃ) খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল চিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি সাগর চৌধুরীকে গ্রেফতার করে।
একই রাতে এসআই (নিঃ) রহমত উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি মো. মিজানুর রহমান হাওলাদার (৫২)-কে ৮০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উপজেলার মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কাউখালী থানা-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত রাতে পরিচালিত পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামি এবং ৮০ গ্রাম গাঁজাসহ নিয়মিত মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








