পিরোজপুর সড়ক বিভাগের আওতাধীন গড়িয়ারপাড়-বানারীপাড়া-ছারছীনা-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী (জেড-৮০৩৩) জেলা মহাসড়কের ৪৪তম (অংশ) কিলোমিটারে কচুয়াকাঠী বেইলি সেতুর স্থানে আধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
সেতু নির্মাণের সুবিধার্থে কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।
সওজ সড়ক উপবিভাগ, কাউখালীর উপবিভাগীয় প্রকৌশলী মো. আল-আমীন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, কচুয়াকাঠী মৌজার (জে এল নং-২৪, বিএস খতিয়ান নং-৩, বিএস দাগ নং-১৬৩) সওজের জমিতে গড়ে ওঠা টিনশেড, আধাপাকা বাড়ি ও দোকানঘরসহ সব ধরনের অবৈধ স্থাপনা জরুরি ভিত্তিতে অপসারণ করতে হবে।
নোটিশে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে স্থান খালি না করলে ‘মহাসড়ক আইন, ২০২১’ অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। জনস্বার্থে ও সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে গণ্য করে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।









