পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল সামুদ্রিক মাছ কালো দাতিনা বা ‘ব্ল্যাক ডায়মন্ড’। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মাছটি আলীপুর বন্দরের মেসার্স সাগর ফিশে আনা হলে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৪০ হাজার টাকায় বিক্রি হয়। ৮ কেজি ওজনের মাছটির দাম পড়ে প্রতি কেজি ৫ হাজার টাকা।
মাছটি ‘ফ্রেশ ফিশ কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি. এম. মুসা কিনে নেন। তিনি জানান, মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে। এর আগে গত বুধবার সাড়ে ৪ কেজি ওজনের আরেকটি কালো দাতিনা তিনি ৭২ হাজার টাকায় কিনেছিলেন।
মাছটি পাওয়া এফবি মিম ট্রলারের জেলে সিদ্দিক বলেন, ছোট ইলিশের সঙ্গে দাতিনা মাছটি জালে ধরা পড়ে। ভালো দামে বিক্রি হওয়ায় তারা খুশি।
সিফাত ফিশের আড়তদার মীর মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এর বায়ুথলি বা এয়ার ব্লাডার ওষুধ, প্রসাধনী ও অন্যান্য পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। এ ধরনের মাছ মাঝে মাঝে ৪ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় বলেও জানান তিনি।
‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, কালো দাতিনার বৈজ্ঞানিক নাম Acanthopagrus berda। মাছটি সর্বোচ্চ ৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় দূষণের কারণে এর প্রাকৃতিক প্রজননক্ষেত্র হুমকির মুখে রয়েছে। তাই প্রাকৃতিক আবাসস্থল রক্ষা ও কৃত্রিম প্রজনন প্রযুক্তি সম্প্রসারণ জরুরি।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, স্থানীয়ভাবে মাছটি দাতিনা বা কালো পোয়া নামে পরিচিত এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। সম্প্রতি ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফলে জেলেদের জালে মাছের পরিমাণ বাড়ায় তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।








