পিরোজপুরের কাউখালীতে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৩৩ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে মানবিক সহায়তা হিসেবে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্যের চেক ও ঢেউটিন বিতরণ করেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
ত্রাণ বিতরণের পূর্বে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে তিনি উপজেলা পরিষদে সংসদ সদস্যের নির্ধারিত কক্ষটি পরিদর্শন করেন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন,
“বর্তমান সরকার প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই কাউখালীর একটি পরিবারও যেন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত না হয়। আমরা ৩৩ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দিতে পেরে আনন্দিত। স্থানীয় খাস জমি উদ্ধার, গৃহহীনদের আবাসন সুনিশ্চিত করা এবং কাউখালী উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়া বিকেল সাড়ে চারটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









