পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের ৬ ফুট দৈর্ঘ্যের অবয়ব প্রদর্শন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হন নেতাকর্মীরা।
র্যালিতে শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, গাজী মো. গোলাম সরোয়ার, জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, বিএনপি নেতা কামরুজ্জামান কাজল তালুকদার, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার ও যুবদল নেতা নাসির উদ্দিন আহমেদ রতন।
বক্তারা জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করার আহ্বান জানান। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। র্যালিতে জিয়াউর রহমান ও তারেক রহমানের খাল খননের প্রতীকী দৃশ্যাবলি প্রদর্শন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।









