সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক বিয়ে ও পরকীয়ার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহ। এসব অভিযোগকে মিথ্যা দাবি করে আল্লাহর কাছে ‘মুবাহালা’র ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মিছবাহ নিজেকে নির্দোষ দাবি করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা ৯টি বিয়ের অভিযোগ, পরকীয়ার সম্পর্ক ও যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেন।
পোস্টে মিছবাহ দাবি করেন, তার ৯টি বিয়ের তথ্য সত্য নয়। নাঈমা জান্নাত তার পঞ্চম স্ত্রী নন; তিনি তার বর্তমান দ্বিতীয় স্ত্রী। এ বিষয়ে বিয়ে ও রেজিস্ট্রেশনের কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।
মিছবাহ আরও বলেন, তার ঘরে স্ত্রী-সন্তান রয়েছে—এ বিষয়টি জেনেই নাঈমা স্ত্রী হিসেবে তার ঘরে এসেছেন। তিনি কোনো পরকীয়ায় জড়িত নন এবং নাঈমা জান্নাতের কাছে কোনো যৌতুকও দাবি করেননি।
নিজের বক্তব্যের সত্যতা প্রমাণে ধর্মীয় রীতিতে ‘মুবাহালা’ করার ঘোষণা দিয়ে মিছবাহ বলেন, তিনি সত্যবাদী হলে অভিযোগকারীদের ওপর আল্লাহর লানত নেমে আসুক এবং তিনি মিথ্যাবাদী হলে তার ওপরই আল্লাহর লানত নেমে আসুক।
তিনি অভিযোগকারীদের পাশাপাশি নাঈমা জান্নাতকেও একইভাবে মুবাহালায় অংশ নেওয়ার আহ্বান জানান।
পোস্টের শেষাংশে মিছবাহ বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা হওয়ায় তিনি আইনি জবাব দিতে প্রস্তুত। একই সঙ্গে এরপরও কেউ তোহমত বা সম্মানহানির উদ্দেশ্যে সমালোচনা করলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির।
তবে ৯ বিয়ে ও পরকীয়ার অভিযোগের সত্যতা নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা নির্ধারণ হবে সংশ্লিষ্ট নথি, প্রমাণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে।









