পিরোজপুর সদর উপজেলার হুলারহাট লঞ্চঘাট-সংলগ্ন কঁচা নদী থেকে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে কাউখালী নৌ পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১১টার দিকে পিরোজপুর থানা পুলিশের সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঘটনার বিষয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক, নিরস্ত্র) মো. আরমান হোসেন বলেন,
“শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর থানা পুলিশ আমাদের জানায় যে, হুলারহাট-সংলগ্ন কঁচা নদীতে একটি অর্ধগলিত ভাসমান মরদেহ দেখা গেছে। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”









