মাদারীপুর শহরের চৌরাস্তা (কুলপদ্বী) এলাকায় ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬ তলাবিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহান্দার আলী মিয়া বলেন, আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। নতুন এই ভবন চালু হওয়ায় ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও মানসম্মত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মাদারীপুর ডায়াবেটিস সমিতির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন ভবনটিতে আধুনিক চিকিৎসা সুবিধা, বহির্বিভাগ, উন্নত পরীক্ষাগার, বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থার সুযোগ রাখা হয়েছে। এর ফলে জেলার ডায়াবেটিস রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীরাও আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, নতুন ভবন চালুর মাধ্যমে মাদারীপুর জেলার স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








