পটুয়াখালীর গলাচিপায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক মৎস্য চাষে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী উন্নত মৎস্য চাষ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বরিশাল বিভাগের দারিদ্র্যপীড়িত উপজেলার “সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় সমবায় অধিদপ্তর, ঢাকার উদ্যোগে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের গাবুয়া ও আমখোলা ইউনিয়নের স্ব-কর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণ চলবে ২৫ থেকে ২৯ জুলাই পর্যন্ত।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক খন্দকার হুমায়ুন কবির বলেন, “সমবায়ে সমৃদ্ধি হয়, আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সম্ভব। সমবায় এমন একটি আন্দোলন, যা মানুষের পারস্পরিক সহযোগিতা, আস্থা ও অংশীদারিত্বের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক (প্রশাসন) মো. মোস্তফা। এছাড়া উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ।
প্রশিক্ষণে গোলখালী ইউনিয়নের দুটি সমবায় সমিতির মোট ৬৪ জন নারী ও পুরুষ সমবায়ী অংশগ্রহণ করছেন। জেলা সমবায় কার্যালয় এবং গলাচিপা উপজেলা সমবায় কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণটি বাস্তবায়িত হচ্ছে।









