পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং পুলিশ সুপার মো. আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহিদুর রহমান।
এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণে সচেতন হতে হবে।
তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছকে বড় করে তোলার দায়িত্বও সবাইকে নিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করা সম্ভব।









