পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি (ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ) ডিগ্রিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসের অডিটোরিয়ামে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এ.কে.এম. মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল কাফি ও ভাইস প্রেসিডেন্ট আবুবকর সিদ্দিক রাফি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও নিরাপদ আমিষের চাহিদা পূরণে ভেটেরিনারিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবাগত শিক্ষার্থীরা কেবল একটি ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি; বরং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণায় মনোনিবেশ করার এবং নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নবীন শিক্ষার্থীদের নিয়মশৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নবীন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিয়ে বরণ করে নেন।
পরে সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়।










