জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, উপকূলীয় পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষ ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছে। জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় বন্দর প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী ঘোষিত পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে পায়রা বন্দর কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, এই বৃক্ষরোপণ কর্মসূচি বন্দর এলাকাকে সবুজায়নের পাশাপাশি মাটির ক্ষয়রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পায়রা বন্দরের প্রশাসনিক, আবাসিক ও প্রকল্প এলাকার পাশাপাশি বিভিন্ন সংযোগ সড়কের দুই পাশে এসব গাছের চারা রোপণ করা হবে। উপকূলীয় এলাকার আবহাওয়া ও মাটির গুণাগুণ বিবেচনায় লবণাক্ততা সহনশীল ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। একই সঙ্গে তিনি ব্যক্তিগত উদ্যোগেও বেশি বেশি বৃক্ষরোপণের জন্য সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। রোপণকৃত চারাগুলোর সুষ্ঠু পরিচর্যা ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশেষায়িত দল গঠন করে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।









