পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দড়ি-বাহেরচর এলাকায় সাঁকো থেকে পানিতে পড়ে মামুন নামে তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে দড়ি-বাহেরচর এলাকার আল-আকসা জামে মসজিদের সামনের সাঁকো পার হওয়ার সময় মো. মামুন পানিতে পড়ে ডুবে যান। সে ওই এলাকার মো. আলমগীর ঢালীর পুত্র। মামুন মানসিক ভারসাম্যহীন বুদ্ধি প্রতিবন্ধী ছিলো বলে জানান স্থানীয়রা
নিখোঁজ মামুনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হলে পটুয়াখালী জেলা থেকে একটি উদ্ধারকারী ডুবরীদল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে তারা পানির নিচ থেকে মো. মামুনের মরদেহ উদ্ধার করা হয়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।









