পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন থেকে ৮ পিস ইয়াবাসহ তিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (১২ জুলাই) রাতে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর আগস্তি এলাকার একটি মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মোঃ রিমন হাওলাদার (২২), পিতা- বাদল হাওলাদার, মোঃ সবুজ সরদার (২৩), পিতা- আবুল হোসেন সরদার, ইয়ামিন মাতুব্বর (২০), পিতা- ইয়ামিন মাতুব্বর, তারা সবাই চর আগস্তি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি দল চর আগস্তি এলাকার মাহবুব পেদার মুদি দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ওই তিন তরুণের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।









