পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনসহ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। শুভেচ্ছা বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন গলাচিপা পৌরসভার মনিরা আক্তার, চর বিশ্বাস ইউনিয়নের কাকুলি আক্তার, চালিতাবুনিয়া ইউনিয়নের এফডব্লিউএ শাহজাদী আনজুমন আরা, গজালিয়া ইউনিয়নের রেশমা আরভীন, গোলখালী ইউনিয়নের সিন্ধ্যা রাণী, ডালিম আক্তার মালা, চিকনিকান্দি ইউনিয়নের এফপিআই মো. তাইফুল ইসলাম, আমখোলা ইউনিয়নের মো. সাইসুন শিকদার, এফডব্লিউভি ফেরদৌসি খাতুন ও সিথিলা রানী, মো. ফিরোজ আহমেদ ও মো. আল-আমিন। বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মকে সচেতন করে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম আরও জোরদার করতে হবে। একই সঙ্গে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।









