সোহাগ কাজী, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর খানাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো: হাবিবুর রহমান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বাহাদুরপুর খানাকান্দি এলাকায় মো. সেলিম শেখের বসতঘরের সামনের উঠান থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোসেলিম শেখ (৪২), আব্দুস সালাম মুন্সি (৩৮) ও মো: জামাল মাতুব্বর (৪০)। এ সময় তাদের দখল থেকে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে মাদারীপুর জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।









