ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী জেলায় ৪টি সংসদীয় আসনে প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়ায় মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত ৫ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন।
প্রত্যাহারকারীদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও গণঅধিকার পরিষদ প্রার্থীরা রয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, এই নিউজ প্রকাশের সময় পর্যন্ত পটুয়াখালী জেলার ৪টি আসন থেকে মোট ৫জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকারীদের তালিকায় পটুয়াখালী-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ নাজমুল আহসান ও খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মাদ সাইয়েদুর রহমান, পটুয়াখালী-২ আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আইউব, পটুয়াখালী-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের মোঃ শহিদুল ইসলাম ফাহিম এবং পটুয়াখালী-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আবদুল কাইউম রয়েছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহার শেষে আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে পটুয়াখালীর ৪টি আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।









