মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বটতলা এলাকায় বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রম চালানো অফিস ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার দিবাগত রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা অগ্নি সংযোগ করে বলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দাবি করেছেন।
ধূলাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাদা হাওলাদার জানান, বিএনপির এখানকার ঘোষিত সংসদ সদস্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন এর গ্রামের বাড়ি সংলগ্ন বটতলা এলাকায় নির্বাচনী কার্যক্রম চালানোর জন্য ওই অফিস টি করা হয়।
স্থানীয় শ্রমিক দলের নেতা কবির সিকদারের ভাইয়ের দোকান ঘরের পাশের অংশে ওই নির্বাচনী অফিস টি করা হয়। রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। অফিস ও দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।









