পিরোজপুরের কাউখালীতে দেশীয় প্রজাতির মাছের চরম আকাল দেখা দিয়েছে। হাট-বাজারে দেশীয় মাছের সরবরাহ কমে যাওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে এসব মাছ। একসময় যেসব মাছ ছিল গ্রামীণ জনপদের দৈনন্দিন খাদ্যতালিকার নিয়মিত অনুষঙ্গ, তা এখন অনেকটাই ‘সোনার হরিণ’-এ পরিণত হয়েছে। এতে করে চিরায়ত ‘মাছে-ভাতে বাঙালি’ পরিচিতি এখন কেবল কথার কথা ও স্মৃতিতে সীমাবদ্ধ হয়ে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, দেশীয় মাছের নাম শুনলেই অনেকের মুখে জল এলেও বাস্তবে বাজারে সেসব মাছের দেখা মিলছে না। বর্তমান প্রজন্মের শিশু-কিশোররা পাঠ্যবইয়ে বিভিন্ন দেশীয় মাছের নাম ও বিবরণ পড়লেও বাস্তবে সেগুলো দেখার ও চেনার সুযোগ পাচ্ছে না। কোন মাছের কী নাম, তা-ও অনেক কিশোর-তরুণ বলতে পারছে না।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় কাউখালীসহ উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে নানা কৌশলে মাছ ধরতেন।ভেদা,তপশী,কাজলী, রুই, কাতলা, মৃগেল, বোয়াল, চিতল, মাগুর, শিং, শোল, গজার, পাবদা, কৈ, টেংরা, পুঁটি, টাকি, চিংড়ি, মলা-ঢেলা, খলিশা ও কাচকিসহ অন্তত অর্ধশতাধিক প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মাছ দেশের বিভিন্ন অঞ্চলেও পাঠানো হতো।
সংশ্লিষ্টদের মতে, জলাশয় ও খাল-বিল ভরাট, নদনদীর নাব্যতা কমে যাওয়া, অবৈধ জালের অবাধ ব্যবহার ও পোনা মাছ নিধন দেশীয় মাছের সংকটকে তীব্র করেছে। পাশাপাশি কৃষিজমিতে মাত্রাতিরিক্ত ও নিয়মবহির্ভূত কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার, জলবায়ুর বিরূপ প্রভাব, জলাবদ্ধতা এবং প্রাকৃতিক বিপর্যয়ও দেশীয় মাছের প্রজনন ও বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছে।
কাউখালীর মাছ ব্যবসায়ী ইয়াকুব আলী বলেন, বর্ষাকালে কিছু দেশীয় ছোট-বড় মাছ বাজারে আসে, তবে বর্ষা শেষ হতেই সংকট প্রকট হয়। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সারা বছরই দেশীয় মাছ চড়া দামে বিক্রি হয়।
এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, পুকুর ও খাল-বিল ভরাটের কারণে দেশীয় প্রজাতির মাছ আজ বিলুপ্তির ঝুঁকিতে। কিছু অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পোনা ও ছোট মাছ নিধন করছে। দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের কারখানা বন্ধ করা এবং অবৈধ জালের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।










