‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আশিক হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুঃ অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিল মুন্সি, প্রেসক্লাব দুমকীর সভাপতি মো. জসিম উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
আলোচনা সভায় স্থানীয় খামারিদের পক্ষে বক্তব্য দেন আলমাস, পিংকী, নোমান, ইরানি, বাকিবিল্ল ও শাহিন।
বক্তারা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, খামারিদের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় খামারি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।










