শুক্রবার থেকে টানা তিন দিনের অসময়ে বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এ বছর আমন ধান ঘরে তুলতে বিপাকে পড়েছেেন সাধারণ প্রান্তিক কৃষকেরা। যেদিকে তাকানো যায় মাঠ পর্যায়ে টানা বৃষ্টির পানিতে আমন ধান পানিতে তলিয়ে গেছে ।
হরিপুর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, মাঠে পেকে ওঠা আমন ধান বৃষ্টির পানিতে নুয়ে পড়েছে। ধানের শিষ ভিজে রং নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও কোথাও ঝরে পড়ছে শিষ। মাঠজুড়ে পানি জমে থাকায় হতাশ কৃষকেরা।
হরিপুর উপজেলার আমনচাষি, আবুল হোসেন বলেন, ‘আর কয়েক দিনের মধ্যে ধান কাটা শেষ হবে, অনেকে জমির ধান কেটেছে । কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। শিষ পানিতে ডুবে রং কালচে হয়ে যাচ্ছে। এতে ফলন যেমন কমবে, তেমনি বাজারে ধানের দামও মিলবে না।’
ভাতুড়িয়া ইউনিয়নের কৃষক মোতালেব হোসেন বলেন, ‘বছরের আশার ফসল ছিল এই ধান। বৃষ্টিতে অনেকটা নষ্ট হয়ে গেল। খরচ ওঠানোও কঠিন হবে।’
কেবল আমন ধান নয়, ক্ষতির মুখে পড়েছেন শীতকালীন সবজিচাষিরাও। মাঠে ইতিমধ্যে ফুলকপি, বাঁধাকপি, শসা, টমেটো, বেগুন ও মুলার আবাদ হয়েছে। টানা বৃষ্টির কারণে শাক-সবজির খেতে পানি জমে গাছ পচে যাচ্ছে।
কৃষক জহুরুল ইসলাম জানান, আমন কাটা প্রায় শেষের দিকে ইতোমধ্যে কৃষকেরা আগাম জাতের ভূট্রা এবং সরিষা লাগাবে কিন্তু গত তিনদিনের টানা বৃষ্টিতে জমিতে পানিজমে গেছে যা ভূট্রা ও সরিষা চাষে অনুপযোগী। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে পরিবার নিয়ে পথে বসতে হবে।










