ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় গড়ে উঠেছে এক ব্যতিক্রমী ময়ূরের খামার। নানা রঙের ময়ূর আর তাদের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত দর্শনার্থী।
গড়েয়া গোপালপুর গোপীনাথ মন্দির প্রাঙ্গণে গড়ে উঠেছে এই খামারটি। খামারের পরিচর্যার দায়িত্ব পালন করছেন বিজয় কুমার সিং। তাঁর যত্ন ও দেখভালে বেড়ে উঠছে ময়ূরগুলো।
খামারে বর্তমানে সাদা ময়ূরসহ বিভিন্ন প্রজাতির মোট ৩৭টি ময়ূর রয়েছে। সকাল হলেই ময়ূরের ডাক আর পেখম মেলে নাচ দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ।
জানা যায়, মন্দিরের অধ্যক্ষ পুষ্পশীলা শখের বশে মাত্র চারটি ময়ূর দিয়ে এই উদ্যোগ শুরু করেন। নিয়মিত পরিচর্যা ও উপযুক্ত পরিবেশে বংশবিস্তারের মাধ্যমে বর্তমানে ময়ূরের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭টিতে।
দর্শনার্থীরা জানান, ময়ূরের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। অনেকেই পরিবার-পরিজন নিয়ে আসছেন, ছবি তুলছেন, শিশুদের ময়ূরের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।
স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এই খামারটি ভবিষ্যতে উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।









