জামালপুরের মাদারগঞ্জে যমুনার শাখা নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের ফলে এক রাতেই আঞ্চলিক সড়ক ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ফুলজোড়, নাংলা ও কাইজেরচরসহ আশপাশের কয়েকটি এলাকার প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াত চরম ঝুঁকিতে পড়েছে। সোমবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় গিয়ে দেখা যায়- নদীর পাড়ের ফসলি জমি ধসে পড়েছে এবং সড়কের একাংশ নদীতে চলে গেছে। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত মরিচখেতের মালিক ঝর্ণা বেগম বলেন, আমার বাবার জমিতে জোর করে মাটি কেটে মরিচ গাছসহ খেত নদীতে ভেঙে নেওয়া হয়েছে। আমরা এর বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মালিক আজাদ এবং স্থানীয় প্রভাবশালী মুনু খা ও নূরনবী খা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অপরিকল্পিতভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। বাধা দিলেও তাঁরা তা উপেক্ষা করেন। তবে ড্রেজার মালিক আজাদ দাবি করেছেন, জমির মালিকদের অনুমতি ও টাকা দিয়েই মাটি কাটা হচ্ছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা টাকা পাওয়ার কথা অস্বীকার করেছেন। অপ্রিকল্পিত এই মাটি উত্তোলনের কারণে নদীর পাড় দুর্বল হয়ে হঠাৎ এই ভাঙন দেখা দেয়। এতে স্থানীয়দের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। দ্রুত ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং ড্রেজার ও পাইপ জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।










